ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনবেইজ থেকে অর্থ-হ্যাক

৩ অক্টোবর, ২০২১ ১৪:০৫  
বিশ্বে বৃহত্তম ক্রিপ্টোকারেন্সির অন্যতম কয়েনবেইজের অন্তত ছয় হাজার গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। কয়েনবেইজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কয়েনবেইজের ‘এসএমএস অ্যাকাউন্ট রিকভারি’ প্রক্রিয়াতে থাকা এক ত্রুটির সুযোগ নিয়েছিল অননুমোদিত তৃতীয় পক্ষীয় হ্যাকাররা। পরে এর মাধ্যমে কয়েনবেইজ সংশ্লিষ্ট নয় এমন ক্রিপ্টো ওয়ালেটে তহবিল স্থানান্তর করে নেয় তারা। তবে তাৎক্ষণিকভাবে ত্রুটিটি ঠিক করে ‘ব্রিচ নোটিফিকেশন লেটার’ এর মাধ্যমে আক্রান্তদের এ বিষয়ে অবগত করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের ওয়েবসাইটে চিঠিটির একটি অনুলিপি পোস্ট করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, হ্যাকিংয়ের ঘটনাটি এ বছরের মার্চ ও মে মাসের ২০ তারিখের মধ্যবর্তী সময়ে ঘটেছে। এর আগে চলতি বছরের এপ্রিলে তালিকাভুক্তিকরণের মাধ্যমে শেয়ার বাজারে তালিকাভূক্ত হয়েছিলো কয়েনবেইজ। শেয়ার বাজারে প্রথম দিনেই প্রতিষ্ঠানটির বাজারমূল্য গিয়ে ঠেকেছিল ১১ হাজার দুইশ’ কোটি ডলারে।